মূল কনটেন্টে যান
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

যেখানে প্রমাণ কথা বলে...

The Evidence যেখানে প্রমাণ কথা বলে...

About Us

আমাদের সম্পর্কে

The Evidence

যেখানে প্রমণ কথা বলে…

সংবাদ শুধু প্রতিদিনের ঘটনা জানানোর মাধ্যম নয়; সংবাদ মানুষের জানার অধিকার, সমাজের বাস্তবতা বোঝার জানালা এবং ক্ষমতা ও দায়িত্বের কাছে জবাবদিহি চাওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়। সেই বিশ্বাস থেকেই ‘The Evidence’-এর যাত্রা।

আমরা মনে করি, একটি সংবাদমাধ্যমের দায়িত্ব কেবল কী ঘটেছে তা জানানো নয়, কেন ঘটেছে, কারা এর সঙ্গে যুক্ত, এর প্রভাব কার ওপর পড়ছে এবং এর নেপথ্যে কোন বাস্তবতা কাজ করছে—সেসব প্রশ্নও অনুসন্ধান করা। কারণ, ঘটনার বিবরণ মানুষকে তথ্য দেয়, আর গভীর অনুসন্ধান তাকে সত্যের কাছাকাছি নিয়ে যায়।

‘The Evidence’ একটি স্বাধীন সংবাদ ও অনুসন্ধানভিত্তিক ডিজিটাল সংবাদমাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, অপরাধ, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জনস্বার্থ, মানবাধিকার এবং সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও প্রাসঙ্গিক বিশ্লেষণ পাঠকের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। বিশেষ গুরুত্ব পায় অনুসন্ধানী প্রতিবেদন—যেখানে নথি, তথ্য-উপাত্ত, প্রত্যক্ষ অভিজ্ঞতা, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং প্রমাণের ভিত্তিতে ঘটনার অন্তর্নিহিত বাস্তবতা অনুসন্ধান করা হয়।

আমরা বিশ্বাস করি, সাংবাদিকতায় কোনো বক্তব্যই যাচাইয়ের ঊর্ধ্বে নয়। পরিচয়, প্রভাব কিংবা ক্ষমতার অবস্থান নয়—গুরুত্ব পাওয়া উচিত তথ্য, প্রমাণ ও জনস্বার্থের। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রাসঙ্গিক বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে তুলে ধরার নীতিকে আমরা গুরুত্ব দিই।

আমাদের কাছে সাংবাদিকতা মানে শুধু আলোচিত ঘটনার পেছনে ছুটে চলা নয়; বরং অনেক সময় আড়ালে পড়ে থাকা মানুষের কথা সামনে আনা, নীরব সমস্যাকে দৃশ্যমান করা এবং যেসব প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন, সেগুলো যথাযথভাবে উত্থাপন করা। একটি প্রতিবেদন যেন পাঠককে শুধু তথ্য না দেয়, বরং বিষয়টি নিয়ে ভাবতে, বুঝতে এবং নিজের অবস্থান তৈরি করতে সহায়তা করে—সেই প্রচেষ্টাই আমাদের।

‘The Evidence কোনো পক্ষের প্রচারমাধ্যম হওয়ার আকাঙ্ক্ষা রাখে না।’ আমরা চাই, পাঠকের কাছে আমাদের গ্রহণযোগ্যতা তৈরি হোক কাজের মান, তথ্যের নির্ভুলতা, অনুসন্ধানের গভীরতা এবং সম্পাদকীয় সততার মাধ্যমে। ভুল হলে তা সংশোধন করা এবং নতুন তথ্যের ভিত্তিতে প্রতিবেদন হালনাগাদ করাও দায়িত্বশীল সাংবাদিকতার অংশ বলে আমরা মনে করি।

আমাদের অঙ্গীকার—সংবাদের ভিড়ে সত্যকে আড়াল হতে না দেওয়া; প্রশ্নহীনতার সংস্কৃতিতে প্রয়োজনীয় প্রশ্ন তোলা; আর প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে আবেগ বা অনুমানের চেয়ে তথ্য ও প্রমাণকে অগ্রাধিকার দেওয়া।

কারণ, আমরা বিশ্বাস করি—সত্যের শক্তি তার উচ্চারণে নয়, তার পক্ষে থাকা প্রমাণে।

‘The Evidence’
যেখানে প্রমণ কথা বলে…